শরীয়তপুর, অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রদের সঙ্গে সংঘর্ষের জেরে শরীয়তপুরের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
রোববার সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
আগেরদিন বাস ভাড়া নিয়ে শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষে শতাধিক আহত হয়।
এ ঘটনায় পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল করেছে শ্রমিক ইউনিয়ন ও ছাত্ররা।
অপ্রীতিকার ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. দিপু মোল্লা জানান, সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব রুটে ধর্মঘটের ডাকা হয়েছে।
এদিকে, সকালে জেলা ছাত্রলীগ ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিলটি শরীয়তপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এখানে জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, শরীয়তপুর সদর ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম কোতোয়াল প্রমুখ।
জেলা বাস শ্রমিক ইউনিয়ন শনিবার রাতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে শরীয়তপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে শ্রমিকরা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল বারেক মিয়া দাবি করেন, ছাত্রদের হামলায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহাড়সহ অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
তিনি বলেন, "এই পরিস্থিতিতে শ্রমিকরা বাস চালাতে চাইছে না। শ্রমিকরা বাস চালাতে না চাইলে আমাদের তো কিছু করার নাই।"
বারেক জানান, বিষয়টি লিখিতভাবে জেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
পালং (সদর) থানার ওসি মো. রবিউল আলম বলেন, অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও দুরপাল্লার বাস চলছে।
শ্রমিকরা বাস চালাতে চাইলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24