সুনামগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা নিয়ে দুই গ্রামাবাসীর সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে।
রোববার বিকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাজ ও রাজাপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন- হামিদ (২০), আবরু মিয়া (২১), শরীফ, রুবেল (১৪), তরু মিয়া (৫০), ইমাম উদ্দিন (১৭), ইসলাম (২৫), নানু মিয়া (২৬), খালেদ (২৫), রফিক (২৫), কালু (২২), আব্দুল্লাহ (২১), নোমান (১৪), সদরুল (৪৬), নজির (৫০), হাফিজ (৩০) ও কদর (৫৫)।
আহতদের মধ্যে ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৫০ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি।
ছাতক থানার ওসি মুন্সি শাহ জালাল জানান, হাসনাবাজ গ্রামের শানুর মিয়া ও রাজাপুর গ্রামের সমশের আলীর মধ্যে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে বিকালে দু'গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.
bdnews24