গোপালগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃস্থ ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জীবন দিয়ে গেছেন। আমরা দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছি।"
রোববার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে জেলা পরিষদ আয়োজিত প্রশিক্ষিত দুঃস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "বড় সন্তান হিসেবে আমি আমার বাবার সান্নিধ্য সবচেয়ে বেশি পেয়েছি। বঙ্গবন্ধু নারীদের স্বাবলম্বী করার কথা সব সময় ভাবতেন। নরীদের স্বাবলম্বী করতে পারলে নারী নির্যাতন অবহেলা ও বঞ্চনা থাকবে না বলে তিনি বলতেন।"
প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।
হাসিনা বলেন, প্রশাসনের যে যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দারিদ্র্য বিমোচন করা সম্ভব।
দুঃস্থ মহিলাদের উৎপাদিত পণ্য সমবায়ের মাধ্যমে বিপনণের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার অধিকারী, প্রশিক্ষণপ্রাপ্ত শ্রাবণী মণ্ডল বক্তব্য রাখেন।
এ কর্মসূচি আওতায় ৪০ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24