২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং বন্ধে নতুন আইন: শিক্ষামন্ত্রী

ইভটিজিং বন্ধে কঠোর শাস্তি দিতে প্রয়োজনে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইভটিজিং বন্ধে কঠোর শাস্তি দিতে প্রয়োজনে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। ইভটিজিংয়ের শিকার হয়ে গত বুধবার সন্ধ্যায় এ বিদ্যালয়েরই দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়া আত্মহত্যা করেন। শিক্ষামন্ত্রী বলেন, "সিনথিয়ার আত্মহত্যার জন্য দায়ী জাহাঙ্গীরসহ যারা প্ররোচণা দিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তার সঙ্গী-সাথী কেউই রেহাই পাবে না। প্রয়োজনে এজন্য নতুন আইন প্রনয়ণ করা হবে।" এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, "সবার সঙ্গে এই বেদনা ভাগ করে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এটা শুধু শ্রীনগর বা মুন্সীগঞ্জের বিষয় নয়, সারা দেশের মানুষকে এ ঘটনা নাড়া দিয়েছে।" নিরাপদে বিদ্যালয়ে আসা-যাওয়া এবং আনন্দঘন শিক্ষার পরিবেশ সৃষ্টিতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, "শিক্ষার জায়গা হচ্ছে পরিবার, বিদ্যালয় ও সমাজ। এ তিনটির সমন্বয়ে নৈতিক চরিত্র গঠনে কাজ করতে হবে। নৈতিক চরিত্রের বিষয়টি পাঠ্যপুস্তকে অর্ন্তভূক্ত এবং চরিত্র গঠনে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন শিক্ষানীতিতে এগুলো গুরুত্ব পাবে।" সিনথিয়ার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী। পরে তিনি শোকাহত পরিববারের সদস্যদের সান্তনা দিতে সিনথিয়ার বাসায় যান। এসময় সিনথিয়ার বাবা-মাসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। জেলা প্রশাসক আজিজুল আলমের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম এবং সিনথিয়ার চাচা রোস্তম আলী অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএএ/২১১৬ঘ.