সাতক্ষীরা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ১১৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
শনিবার জেলার আশাশুনি উপজেলা সদর হাইস্কুল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আশাশুনি উপজেলায় ১১৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন করাসহ জেলায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রী বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি রোধ এবং অনুকূল পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাবেক সাংসদ এম মুনসুর আহম্মেদ প্রমুখ।
এরপর তিনি সরকার ঘোষিত দেড়শ' ভূমিহীন পরিবারে খাস জমির দলিল হস্তান্তর করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা ও নগদ টাকা এবং দরিদ্র মহিলাদের সেলাই মেশিন দেন।
বিকালে মন্ত্রী দেবহাটা উপজেলার পারুলিয়ায় দরিদ্রদের মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24