পটুয়াখালী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর উপকূলে বৈরি আবহাওয়ার কারণে শনিবার দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বন্দর কর্তৃপক্ষ।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে সব ধরনের নৌযান চলচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সাগর উত্তাল হওয়ায় শতশত মাছ ধরা ট্রলার সাগর মোহনা গুলোতে নোঙর করে আছে বলে জানান পটুয়াখালী নৌ বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
পটুয়াখালী আবহাওয়া অফিস এর সিনিয়র পর্যবেক্ষক শরীফ মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের সমুদ্র বন্দর গুলোতে এখন ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। পটুয়াখালীর উপকূলীয় এলাকায়ও বিরুপ আবহাওয়া বিরাজ করছে।"
তিনি জানান, সাগর উত্তাল হয়ে আছে। ৩ থেকে ৪ ফুট উঁচু ঢেউ বইছে। উপকূল জুড়ে মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং নদ-নদী প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৩৫৬ ঘ.
bdnews24