ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ ও চলমান গ্রেপ্তার-নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগে মানবন্ধন করেছেন তরুণ শিক্ষক, শিল্পী ও সাহিত্যিকরা।
বিকালে এই মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক হাসান তারিক চৌধুরী সোহেল, সাংবাদিক চন্দন সাহা রায়, কবি অভিজিত দাস, শিল্পী মাইনুদ্দিন তপু, শিল্পী কফিল আহমেদ, কবি আফরোজা সোমা, কথা সাহিত্যিক অদিতি ফাল্গুনী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার আহমেদ বাদল, ফটো সাংবাদিক শরৎ চৌধুরী, বাকী বিল্লাহ, জাহিদ মামুন, সাখাওয়াৎ টিপু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পোশাক শ্রমিকরা বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণে নায্য দাবিতে আন্দোলন করছে। সরকার তাদের এ দাবি না মেনে দমন-পীড়ন চালাচ্ছে। এ পর্যন্ত গ্রেপ্তার করেছে চার হাজারেরও বেশি শ্রমিক। গ্রেপ্তারকৃতদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করছে। এসব চলতে পারে না।
সমাবেশে বক্তারা মন্টু ঘোষসহ আটক সকল শ্রমিক নেতার মুক্তি এবং পোশাক শ্রমিকদের ওপর হামলা-মামলা-নির্যাতন বন্ধের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24