ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুল ইসলাম বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন ঢাকা কোর্ট রিপোর্টারস এসোসিয়েশনের সভাপতি চৈতন্য চন্দ্র হালদার।
মামলাটি শুনানি শেষে মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার অভিযুক্তের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন। আগামি ৩০ অগাষ্ট তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে এই সমন পাঠানোর আদেশ দেওয়া হয়।
আরজিতে বলা হয়, জুরাইনের মা ও দুই শিশুর আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযোগপত্র দাখিল না করেও বুধবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন। তার এ বিবৃতি ভুল ও বেআইনি। আলোচিত মামলায় এ ধরনের বিবৃতি জনসাধারনের জন্য অনিষ্টকর।
আরজিতে আরো বলা হয়, ওই মামলার আসামিদের সাজার বিষয়েও বিভ্রান্তিকর তথ্য দেন তিনি যা ঢালাওভাবে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।
উপকমিশনারের বিরুদ্ধে মামলায় বিভিন্ন গনমাধ্যমের কোর্ট রিপোর্টোরদের সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৫৫১ ঘ.
bdnews24