২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ফেনী, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষকরা জানান, ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভায় দাওয়াত দেওয়া নিয়ে মঙ্গলবার রাতে কিছু ছাত্র নেতা এই ঘটনা ঘটায়। এ বিষয়ে ফেনী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারা জানান, বুধবার সকালে কলেজ মিলনায়তনে ইভটিজিং প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু মঙ্গলবারের ঘটনার কারণে সভাটি স্থগিত করা হয়েছে। ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি কলেজ মিলনায়তনে বসে কাজ করছিলেন। সে সময় ৮/১০ জন যুবক সেখানে ঢুকে তাকে দুপুর ২টার পর কলেজে না থাকার হুমকি দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা কিছু আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে রাতেই শিক্ষকরা কলেজ ভবনে মিলিত হন এবং বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) জানান। একইসঙ্গে বুধবার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বুধবার সকালে শিক্ষক মিলনায়তনে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজ অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমানসহ অন্য শিক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৬ ঘ.