কুড়িগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে ১৩০ টি। অথচ মামলায় উল্লেখ করা হয়েছে ৫০ বোতল। বাকী বোতলগুলো গেল কোথায়- এ প্রশ্নেরই কোন জবাব মিলছে না।
কুড়িগ্রামে উদ্ধার করা ফেনসিডিল বোতল গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
জেলার ডিবি পুলিশের পরিদর্শক ছকির উদ্দিন দাবি করেন, বুধবার সকাল পৌনে ১১ টার দিকে রাজারহাট উপজেলার পূর্ব দেবোত্তর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবলু মিয়ার বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মামলাতেও এই সংখ্যা উল্লেখ করা হয়েছে।
ছকির উদ্দিন জানান, অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক শফিউল ইসলাম। মামলায় বাবলু ও ফেনসিডিলের মালিক রাজা মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ভীন্ন তথ্য জানা গেছে।
বাবুল নামের যে ব্যক্তির বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছে-তিনিই জানান, ৫০টি নয়, ফেনসিডিলের বোতল ছিল ১৩০টি।
মামলার স্বাক্ষী ও স্থানীয় বাসিন্দা আলতাফ ও রবীন্দ্রনাথ জানান, তারা উপস্থিত সবার সামনে ফেনসিডিলের বোতল গুনে জব্দ তালিকা করার জন্য বললেও পুলিশ তা না করে তড়িঘড়ি করে চলে যায়।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের উপপরিদর্শক শফিউল ইসলাম বলেন, "আসলে বোতলের সংখ্যা হবে ১০০। ইন্সপেক্টর সাহেব হয়তো না জেনেই ৫০টির তথ্য দিয়েছেন।"
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল আলম বলেন, "ঘটনাস্থলেই ফেনসিডিলের বোতল গুনে নিলে এই বিভ্রান্তি তৈরি হতোনা।"
সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭২৫ঘ.
bdnews24