২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে প্রবাসী শিল্পপতি খুন

জেলা শহরের নতুন বাস স্ট্যান্ডে মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী শিল্পপতি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 06:16 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের নতুন বাস স্ট্যান্ডে মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী শিল্পপতি নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেন (৪০) কয়েকদিন আগে গ্রিস থেকে আসেন বলে তার পরিবারের স্বজনরা জানান। পুলিশ এ ঘটনায় কাউকে সন্দেহ না করলেও মোশারফের পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরে মোশারফ খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে রিকশা থেকে নেমে ঢাকাগামী বাসের একটি বাস কাউন্টারে যাওয়ার সময় খুব কাছে থেকে পরপর তিন রাউন্ড গুলি করে দুই মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত পালিয়ে যায়। তার বুকে একটি এবং পেটে দুইটি গুলি লাগে। স্থানীয়রা প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে ঢাকা পাঠানো হয়। রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সফিকুল ইসলাম রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি রহস্যাবৃত বলে মনে হচ্ছে। এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। মোশারফের মামা শ্বশুর বাদল মিয়া জানান, মোশারফের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে। মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দির শ্বশুরালয় থেকে ঢাকা ফেরার পথে এ ঘটনা ঘটে। রোববার তিনি গ্রিস থেকে দেশে আসেন। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ আসেন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে। বাদল মিয়া আরো জানান, গ্রিসে মোশারফের নিজের গার্মেন্টস কারখানা রয়েছে। তার দুই সন্তান হল-আমেনা (৬) ও রেজাউল (২)। সাত বছর আগে মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দির হোসেন মিয়া মেয়ে রেশমা আক্তারকে বিয়ে করেন তিনি। তার স্ত্রী-সন্তান ঢাকায় থাকে। এদিকে নিহত মোশারফের মা হাজেরা বেগম অভিযোগ করেছেন, তার সতীনের ছেলে (মোশারফের সৎভাই) বেলায়েত হোসেনের সঙ্গে মোশারফের স্ত্রী রেশমার অনৈতিক সম্পর্ক ছিল। এর জেরে বেলায়েত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বেলায়েতের সহোদরা বেবী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলায়েতের বিরুদ্ধে এ অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে তদন্তে সে দোষী প্রমাণিত হলে তার অবশ্যই শাস্তি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/২১৪৭ ঘ.