২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ট্রেনের ধাক্কায় আহত একজন মারা গেছে

বনানীর কাকলী মোড় সংলগ্ন রেল ক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় আহত দুজনের একজন মঙ্গলবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনানীর কাকলী মোড় সংলগ্ন রেল ক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় আহত দুজনের একজন মঙ্গলবার মারা গেছেন। নিহতের নাম মাকসুদা বেগম (৩৫)। ওই ঘটনায় আহত তার ১০ মাস বয়সী মেয়ে তানজিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাকসুদা বেগমের স্বামীর নাম আশরাফ আলি। তেজগাঁও কুনিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। মাকসুদার মামা আব্দুর রশিদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মাকসুদা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আহত হওয়ার পর মাকসুদা ও তার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাকসুদার অবস্থা আশঙ্কাজনক ছিলো। নাসির উদ্দিন নামে এক পথচারী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নীচে সন্তানসহ ঝাঁপ দিয়ে মাকসুদা আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তারা নিচে না পড়ে চলন্ত ট্রেনের ধাক্কায় দু'দিকে ছিটকে পড়ে। এ সময় মাকসুদার আট বছর বয়সী ছেলে নাজমুল পাশে দাঁড়ানো ছিলো বলে তিনি জানান। নাজমুল জানায়, রোববার তার বাবা-মা ঝগড়া করেছেন। এরপর থেকে বাবা তাদের আর খোঁজ নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩৩২ ঘ.