২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি আদেশ পরদিনই স্থগিত

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিবকে বদলি করার পরদিন তা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিবকে বদলি করার পরদিন তা স্থগিত করা হয়েছে। রোববার বিকাল পৌনে পাঁচটায় শিক্ষা মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তায় বোর্ড সচিব মুহাম্মদ নূরুল হুদাকে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু সোমবার সকালে আদেশটি স্থগিত করা হয়। বদলির চিঠিতে স্বাক্ষরকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মালেকা খায়রুন্নেছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। বদলির আদেশ দিয়ে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিলো, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ আদেশের পর বোর্ড সচিব পদে পদায়ন করা হয় অধ্যাপক হামিদুল হোসেন সিদ্দিকীকে। তিনি সোমবার সকালে কাজেও যোগ দেন। বদলির আদেশ দেওয়ার পরদিন তা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড চেয়ারম্যান আবু জাফর চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদলি স্থগিতাদেশের কোনো ফ্যাক্সবার্তা তিনি এখনো পাননি। তবে মন্ত্রণালয় থেকে তাকে ই- মেইল করে বিষয়টি জানানো হয়েছে। এক রাতের মধ্যে বদলি স্থগিতের ঘটনায় বোর্ড চেয়ারম্যান বিস্ময় প্রকাশ করে বলেন, "বিষয়টি আমার বোধগম্য নয়।" সচিব পদে অধ্যাপক হামিদুল হোসেন সিদ্দিকী দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিলেন বলেও জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও কাজে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে বোর্ড থেকে মন্ত্রণালয়ে নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছিলো। এ বছরের শুরুতেই নুরুল হুদা শিক্ষা বোর্ডের সচিব পদে যোগ দিয়েছিলেন। নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদলির আদেশ স্থগিত হওয়ার পর সোমবার তিনি শিক্ষা বোর্ডে যাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমসি/এমএসবি/২১০১ ঘ.