চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মসমর্পণের পর জামিন না পাওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক হাজতী।
চট্টগ্রাম আদালত ভবনের হাজতখানায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। হাজতীর নাম- মোহাম্মদ দুলাল ওরফে মেম্বার (৪৫)।
ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার একটি গণধর্ষণ মামলার আসামী ছিলেন তিনি। তার বাড়ি একই উপজেলার হেঁয়াকো বাংলাপাড়া এলাকায়। ২০০৭ সালের ২ নভেম্বর ফটিকছড়ির ভুজপুর এলাকায় ওই গণধর্ষণের ঘটনা ঘটে।
জেলা আদালত পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ধর্ষণ মামলার আসামী দুলাল মেম্বার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
বিচারক ইসরাইল হোসেন তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও জানান, এজলাশ থেকে দুলালকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হলে তিনি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। দুপুর আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করতে আসেন বলে জানান আদালত পরিদর্শক অনু মং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/
bdnews24