ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা চুক্তি দেশের স্বার্থেই করা হয়েছে। যদিও এই অর্থ দিয়ে যে সব প্রকল্প বাস্তবায়িত হবে তা থেকে ভারতও সুবিধা পাবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের ভারত বিরোধী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।"
তিনি বলেন "বাংলাদেশের স্বার্থেই এই ঋণ নেওয়া হয়েছে। সম্ভবত এ থেকে ভারতও লাভবান হবে।"
তিনি জানান, অন্যান্য দাতাদের দেওয়া ঋণের চেয়ে এই ঋণে সুদের হার কম।
চুক্তিটি দুই দেশের জন্যই লাভজনক জানিয়ে তিনি বলেন, "ঋণের অর্থ আমাদের রেলপথের উন্নয়নে ব্যয় করা হবে। আমাদের রেলপথের উন্নয়ন হলে ভারত লাভবান হবে এমন মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত।"
দীপু মনি বলেন, "সব সময় আমাদের যেখানে প্রয়োজন সেখানে ঋণ পাওয়া যায় না, যদি না দাতাদের স্বার্থ থাকে।"
তিনি বলেন, "তারা (ভারত) আমাদের রেলওয়ে প্রকল্পে অর্থায়ন করতে রাজি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা এর সুফল পাবে। কিন্তু এতে আমাদেরও উন্নয়ন হবে।"
ভারতের কাছ থেকে পাওয়া এই ১০০ কোটি ডলার দিয়ে সরকার ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে পাঁচটি প্রকল্প রেলপথের উন্নয়ন সংশ্লিষ্ট।
ওই পাঁচটি প্রকল্পের বাইরেও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলার সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ স্থাপনে অর্থায়ন করবে ভারত।
বাংলাদেশ ইতিমধ্যে আন্তঃসীমান্ত রেলপথটি নির্মাণে সম্মতি দিয়েছে।
প্রস্তাবিত ওই রেল প্রকল্প বাস্তবায়িত হলে ভারতীয়রা বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, "হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে লোকজন উত্তর পূর্বাঞ্চলে যেতে পারবে। আমরাও সরাসরি উত্তর পূর্বাঞ্চলে যেতে পারব।"
তিনি বলেন, "আমরা ভুটান ও নেপালসহ পুরো এই অঞ্চলে জনসাধারণ ও পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে কাজ করছি।"
উত্তর পূর্বাঞ্চলের অপেক্ষাকৃত দরিদ্র সাতটি রাজ্যে যোগাযোগ বাড়াতে ট্রানজিট সুবিধার দাবি করে আসছিল ভারত।
এ বছরের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিট সুবিধা দিতে সম্মত হয়।
ঋণ চুক্তি নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি 'বিভ্রান্তিকর' বিবৃতি দিচ্ছে অভিযোগ করে এর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএম/জেবি/এইচএ/২১৩৫ ঘ.
bdnews24