নয়া দিল্লি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে বাংলাদেশের সঙ্গে শিগগিরই কোনো আলোচনায় যেতে আগ্রহী নয় ভারত।
এর কারণ হিসাবে ভারত সরকারের উর্দ্ধতন সূত্রগুলো বলছে, ক্ষমতাসীন কংগ্রেস ও তার শরিক দল তৃণমূল কংগ্রেস পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক ভবিষ্যতকে কোনো ঝুঁকির মুখে ফেলতে চায় না।
সূত্র জানায়, আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষে ঢাকার সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে এগুতে পারে ভারত। সেচ ও জলবিদ্যুতের ওপর নির্ভরশীল এ রাজ্যে তিস্তার পানি বন্টন চুক্তি পরোক্ষ একটি রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারে।
ঢাকা সফরে পশ্চিবঙ্গ থেকে নির্বাচিত অর্থমন্ত্রী প্রণব মুখার্জীর এ ব্যাপারে নয়া দিল্লির অভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতার বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার কথা।
তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন বাম ফ্রন্টকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারনা করা হচ্ছে।
গত ৩৩ বছর ধরে ভারতের কমিউনিস্ট পার্টি'র (মার্ক্সিস্ট) নেতৃত্বাধীন বাম ফ্রন্ট এ রাজ্যের ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেসের সামর্থ নিয়ে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে রয়েছে কংগ্রেস। পশ্চিবঙ্গে বাম ফ্রন্টকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে একাট্টা কংগ্রেস ও তৃণমূল।
ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসাল বলেন, "গত মার্চে যৌথ নদী কমিশনে আমরা মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছি। আমি খুবই খোলামেলাভাবে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে আলোচনা করেছি। পরবর্তী বৈঠকের জন্য এবার আমার ঢাকায় যাওয়ার পালা।"
তিনি বলেন, "এ জন্য আমি আগামী বছরের কোনো এক সময় ঢাকা যেতে পারি।"
আগামী বছরের এপ্রিল অথবা মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সূত্র জানায়, আগামী বছর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে তিস্তার পানি বন্টন চুক্তির কারিগরী বিষয়গুলো নিয়ে উভয় দেশের কর্মকর্তারা আলোচনা করে যতদূর সম্ভব মতবিভেদ দূর করার চেষ্টা করবেন।
গত মার্চে ভারত-বাংলাদেশ যৈৗথ নদী কমিশনের বৈঠকে শুষ্ক মৌসুমে পানি বন্টনের ব্যাপারে ঢাকার কাছে একটি 'স্টেটমেন্ট অব প্রিন্সিপাল' হস্তান্তর করে নয়া দিল্লি। অপরদিকে একই বিষয়ে ভারতের কাছে একটি 'অন্তর্বর্তী চুক্তি'র খসড়া হস্তান্তর করে বাংলাদেশ।
রমেশ চন্দ্র সেন ও পবন কুমার বনসাল উভয়েই তিস্তা চুক্তি নিয়ে একটি 'দ্রুত মীমাংসার' জন্য নিজ নিজ দেশের পানি সম্পদ সচিবদের খসড়াটি খতিয়ে দেখতে বলেন।
সূত্র জানায়, দুই পক্ষের প্রস্তাবের একটি বড় অংশই বাংলাদেশ ও ভারত উভয়ের কাছে গ্রহণযোগ্য হলেও দুই দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা খসড়া দু'টির কিছু কিছু বিষয়য়ের সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন।
গত মার্চে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (এনআরসি) বৈঠকে পশ্চিমবঙ্গের সেচ ও নৌ পরিবহনমন্ত্রী সুভাষ নস্কর বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখে নয়া দিল্লি ও ঢাকার মধ্যে তিস্তা পানি বন্টন নিয়ে চুক্তিতে পৌঁছতে সাধ্যমতো সহায়তা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
তিনি পশ্চিমবঙ্গের জনসাধারনের, বিশেষ করে কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি নয়া দিল্লিকে নিশ্চিত করার জন্য জোরারোপ করেন।
মমতা ব্যানার্জী ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পানি সম্পদমন্ত্রী পবন কুমার বনসালের কাছে তিস্তার পানি বন্টন নিয়ে ঢাকার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে উপনীত হলে ক্ষমতাসীন বামপন্থীরা আগামী নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উপর কঠোর আঘাত হানবে।
নয়া দিল্লিকে আগামী বিধানসভা নির্বাচনের পর এ ব্যাপারে অগ্রসর হওয়ার ব্যপারে তার মত রয়েছে বলে মনে হয়।
পশ্চিমবঙ্গের ছয়টি জেলার ১০ লাখ হেক্টরেরও বেশি জমি পানি সেচে তিস্তার ওপর নির্ভরশীল।
তিস্তা নদীর ওপর ছয়টি জলদি্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় গত জুন মাসে তিস্তা নদী ও সিকিমে তার অববাহিকায় মোট ৭০৯ মেগাওয়াট উৎপাদনক্ষম তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে পুনরায় জরিপ চালুর ব্যাপারে সম্মতি দিয়েছে।
সিকিম ছাড়াও পশ্চিমবঙ্গও প্রস্তাবিত ওই তিনটি প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।
ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধ গত ৪ জুলাই সিকিমে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করাপোরেশনের অধীনে ৫১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 'তিস্তা স্টেজ-ভি' বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/জেবি/জিএনএ/২২৫৭ ঘ.
bdnews24