২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানার টাকা চুরি, গ্রেপ্তার ১২

ঢাকার সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৫০ লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

সাভার, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৫০ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের 'এলায়েন্স স্টিচেস লিমিটেড' কারখানায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে কারখানার সিকিউরিটি কর্মকর্তাসহ ১২ জন নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন (৩৫), মো. আক্তারুজ্জামান (৪৫), হাফিজুর রহমান (৩৫), আব্দুল মান্নান (২৮), রেজাউল করীম (৩৫), মোস্তাকুল মাস (৩৪), ইউসুফ মিয়া (৫০), জামাল খান (৬২), ইয়াকুব হোসেন (২৭), শরিফুল ইসলাম (২৫), মঞ্জুর রহমান (৪০) ও মোহাম্মদ মোস্তফা (৩৭)। এলায়েন্স স্টিচেস লিমিটেড পোশাক কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) ফয়সাল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার কারখানার ৭শ' শ্রমিকের বেতন দেওয়ার কথা ছিল। তাই বৃহস্পতিবার প্রাইম ব্যাংক গণকবাড়ি শাখা থেকে ৫০ লাখ টাকা ওঠানো হয়। ওই দিন সন্ধ্যায় ওই টাকাসহ আরো ৭১ হাজার ৩০০ টাকা কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল এসবি আহম্মেদের কক্ষে আয়রন সেলফে (ক্যাশ ভোল্ট) রেখে সবাই চলে যায়। শুক্রবার রাত ১০ টার দিকে কারখানার সিকিউরিটি অফিসার আলমগীর হোসেন মোবাইল ফোনে তাকে জানান, শ্রমিকদের বেতনের টাকা রাখার ভোল্টটি ভাঙ্গা। ওই দিন রাতেই কর্মকর্তারা কারখানায় এসে দেখেন ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের জানালার গ্রীল কাটা, ভোল্ট ভাঙ্গা ও হিসাব রক্ষকের কক্ষ তছনছ করা। ফয়সাল জানান, রাতেই ঘটনাটি পুলিশকে জানানো হয়। তবে এ ঘটনার সঙ্গে কারখানার নৈশ প্রহরীরা জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, শ্রমিকদের বেতনের টাকা চুরির ঘটনায় ওই কারখানার ১২ জন নৈশ প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। শীঘ্রই চুরি যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে তিনি আশা করছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, সিআইডির একটি টিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) ফয়সাল আহম্মেদ শনিবার বিকালে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৮৪৫ঘ.