খাগড়াছড়ি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোনেন্টফোর ডটকম)- খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালিন্দ্র চন্দ্র চাকমাকে (৪০) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি শুক্রবার বিকালে লক্ষিছড়ি থেকে ফটিকছড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে বলে দাবী করছে তার পরিবার।
কালিন্দ্র চাকমার মেয়ে সুমিতা চাকমার বরাত দিয়ে লক্ষিছড়ির ওসি মো. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসার জন্য কালিন্দ্র চাকমা শুক্রবার বিকালে ফটিকছড়ি যাওয়ার পর আর ফিরে আসেনি।
কালিন্দ্র চন্দ্র চাকমাকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্টের (ইউপিডিএফ) চট্টগ্রামের সদস্যরা অপহরণ করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তবে এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি কামরুল।
এ বিষয়ে ইউপিডিএফের সমন্বয়ক উজ্জল সিদ্দিক চাকমা ও পার্বত্য চট্টগ্রামের যুব ফোরামের সভাপতি মিথুন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণ ঘটনাটি আমরা করিনি। এটা নিছক প্রশাসনিক গুজব মাত্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১২৪০ ঘ.
bdnews24