২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে আটক ৪

অবৈধ উপায়ে ভারতে গিয়ে শুক্রবার ভোর রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত পেরিয়ে দেশে ফেরার সময় নারী ও শিশুসহ চারজনকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 08:48 AM

Updated : 25 Aug 2022, 05:41 PM

সাতক্ষীরা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ উপায়ে ভারতে গিয়ে শুক্রবার ভোর রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত পেরিয়ে দেশে ফেরার সময় নারী ও শিশুসহ চারজনকে আটক করেছে বিডিআর। আটককৃতরা হলেন- কুমিল্লার নবীনগর থানার জীবনগঞ্জ এলাকার হরিদাস সাহার ছেলে তপন সাহা (৫০), তার স্ত্রী ভারতী সাহা (৪৫), তাদের ছেলে সুজন সাহা (৬) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাসখালি গ্রামের গোলাম চন্দ্র বৈরাগীর ছেলে দেবব্রত কুমার বৈরাগী (২২)। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন (অপস) কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, আটককৃতরা ভোর রাতে সীমান্তের মেইন পিলার ৪ হতে ৫০ গজ দূরে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। ভোমরা ক্যাম্পের টহলদল লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের কাছ থেকে তাদের আটক করে। আটককৃতরা জানান, ভালো কাজ ও চিকিৎসার জন্য তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে যাতায়াত করে। শুক্রবার তারা ভারত থেকে দেশে ফিরে আসছিল। সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে বিডিআর এর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩৭ ঘ.