আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত মজুদ থাকায় রমজান মাসে ছোলার দাম বাড়ার আশঙ্কা করছেন না পাইকারি ব্যবসায়ীরা।
তবে বর্তমানে সরকারের নির্ধারণ করা দামের চেয়ে বেশি দামে খুচরা বাজারে ছোলা বিক্রি হওয়ায় দাম বাড়ার শঙ্কায় আছেন ক্রেতারা।
সরেজমিন রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এবং কয়েকটি খুচরা বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
পাইকারি ব্যবসায়ীরা জানান, তারা বর্তমানে প্রতি কেজি ছোলা ৩৮ থেকে ৪০ টাকা এবং বুটের ডাল ৪০ থেকে ৪৩ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতাদের কাছে।
আর খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে বিক্রি করছেন প্রতিকেজি ৪৬ থেকে ৪৮ টাকা এবং বুটের ডাল ৫২ থেকে ৫৪ টাকা।
এদিকে সরকারিভাবে ছোলা বিক্রির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। বুটের ডালের দাম নির্ধারণের ব্যাপারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে তথ্য পাওয়া যায়নি।
এবছর ছোলার পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক বছরের তুলনায় ছোলার আমদানি বেশি আছে। বর্তমানে যে পরিমাণ ছোলা মজুদ আছে তা চাহিদা অনুযায়ী ঠিকমতো সরবরাহ করতে পারলে দাম বাড়ার কোন সম্ভাবনা নেই।"
তিনি বলেন, "রমজান মাসে বাজারে ছোলার চাহিদা রয়েছে ৭০ থেকে ৯০ মেট্রিক টন। এক্ষেত্রে টিসিবি মাত্র ২ মেট্রিক টন ছোলা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাকি ছোলা ব্যবসায়ীদেরকেই সরবরাহ করতে হবে।"
তিনি এজন্য টিসিবিকে আরো কার্যকর করার দাবি জানান।
ছোলা অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয় জানিয়ে তিনি বলেন, "কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে বাজারে বক, ঘোড়া, ডলফিন, চাঁদতারা, ক্যাঙ্গারু মার্কা মোড়কে ছোলা বিক্রি করছে।"
তিনি আরো বলেন, "ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়ায় না। অনেক অসাধু সরকারি কর্মকর্তার কারণে বাজার মাঝে মাঝে অস্থিতিশীল হয়ে যায়।"
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. সাদেক হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোজাকে সামনে রেখে প্রতি কেজি ৪৮ টাকা দরে পাঁচ কেজি ছোলা কিনেছি। হঠাৎ দাম বেড়ে যায় কিনা সে শঙ্কাই আছে।"
সাদেক হোসেন বলেন, "দাম যাতে না বাড়তে পারে সেজন্য বাজারে সরকারের কঠোর নজরদারি থাকা উচিত।"
রমজানে বুটের ডালেরও ব্যাপক চাহিদা থাকে। ব্যাসন তৈরিতে এ ডাল ব্যবহৃত হয়।
এ ব্যাপারে হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, "ইফতারির সময় ভাজা জাতীয় বিভিন্ন খাবার সামগ্রীর চাহিদা বেড়ে যায়। এ সব খবার তৈরিতে ব্যাসন ব্যবহার করা হয়। এজন্য ১৫ কেজি ডাল ৫২ টাকা দরে কিনলাম। তা দিয়ে ব্যাসন তৈরি করবো।"
ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফি মাহমুদ বলেন, "আপাতত চাহিদার সঙ্গে সরবরাহের কোন সংকট নেই। গত বছর রমজানে হঠাৎ করে ছোলার দাম ৪০/৪৫ টাকা থেকে বেড়ে ৬০/৬৫ টাকা হয়েছিল। এ বছর যাতে হঠাৎ দাম না বাড়ে সে ব্যাপারে সরকারকে কঠোর নজরদারি করতে হবে।"
রহমতগঞ্জ ডালপট্টির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, "সাধারণ ব্যবসায়ীরা দাম বাড়ানোর কারসাজি করে না। এর সঙ্গে নেতারা জড়িত থাকে। কিন্তু এবার সরকারের অবস্থান কঠোর হওয়ায় তারা দাম বাড়াতে ভয় পাচ্ছে। তবে সুযোগ পেলে হঠাৎ করে বাড়াতেও পারে।"
তিনি আরো বলেন, "এবার প্রায় সব পাইকারি দোকানে ছোলার মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে।"
রাজধানীর কারওয়ান বাজার, মোহম্মদপুর কৃষি মার্কেট, নিউমার্কেটসহ কয়েকটি বাজারে গিয়ে খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ছোলা ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। আর বুটের ডাল বিক্রি হচ্ছে ৫২থেকে ৫৪ টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রধান কর্মকর্তা (বিক্রয় ও বিতরণ) আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজান উপলক্ষ্যে ছোলা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ মেট্রিক টন। খুচরা বাজারে প্রতি কেজি ছোলা ৪৪ টাকা করে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।"
বুটের ডালের দাম নির্ধারণের ব্যাপারে তিনি জানাতে পারেননি।
এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং সংগঠনের পক্ষ থেকে গঠন করা বাজার তদারকি কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাল ও ছোলার দাম পুনরায় নির্ধারণ করা জন্য আগামী সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে সভা করা হবে। ওইদিন নতুন দাম নির্ধারণ করে দেওয়া হবে। এরপর থেকে কেউ বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "রমজান উপলক্ষ্যে অন্যান্য পণ্যের পাশাপাশি চাল, চিনি, তেল, ডাল, ছোলা ও পেঁয়াজ- এ ছয়টি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজরদারি করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৩৪৯ ঘ.
bdnews24