নড়াইল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত রাশেদ কামাল পারভেজকে (২২) প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের আলাদাতপুর এলাকার হামিদ ম্যানসনের সামনে এ ঘটনা ঘটে বলে সরকার সমর্থক সংগঠনটির এক নেতা জানিয়েছেন।
পারভেজ সদর উপজেলার কুরুলিয়া গ্রামের মো. জাবেদ হোসেনের ছেলে এবং ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র।
জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল জানান, মঙ্গলবারের সামান্য বিষয় নিয়ে ছাত্রলীগে কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছিলো। ওই রাতে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু আজ আবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নড়াইল সদর থানার ওসি আলমগীর শেখ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৬ ঘ.
bdnews24