বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাস টার্মিনালে ভাংচুরের ঘটনায় জড়িত যুবলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালের সব রুটে ডাকা বাস ধর্মঘট বৃহস্পতিবার সকাল ১১ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৩৩টি রুটে অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলো পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠন।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন সাংবাদিকদের জানান, পুলিশ কমিশনারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল ১১টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর মধ্যে ব্যবস্থা না নিলে ধর্মঘট শুরু করবেন তারা।
বুধবার সন্ধ্যায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশে ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিক নেতা আফতাব। এর আগে পরিবহন মালিক ও শ্রমিকরা নগরীতে বিক্ষোভ মিছিল করে।
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামকে ঢাকায় মারধরের ঘটনার প্রতিবাদে সোমবার রাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভাংচুর, রাস্তায় টায়ারে জ্বালিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভ করে যুবলীগ কর্মীরা।
পরদিন এ ব্যাপারে মহানগর পুলিশের কাছে অভিযোগ করেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। একইসঙ্গে বিমানবন্দর ও কোতয়ালি থানায় দুটি মামলা করেন তারা।
মামলায় জাকির আলম ডলার, শহিদুল্লাহ রিজভী, দিদার, আশিক ইকবাল শাওন, হাবিব, শরীফ ও বাহারসহ কয়েকজন যুবলীগ কর্মীকে আসামি করা হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানান পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। অন্যথায় বৃহস্পতিবার সকাল থেকে বাস ধর্মঘটের হুমকি দেন তারা।
এদিকে যুবলীগের ওই কর্মীদের নাম উল্লেখ করে বুধবার রাতে বিমানবন্দর থানায় আরো একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।
তিনি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- হামলাকারীরা গুলিবর্ষণ, ১৩টি মোবাইল ফোনসেট ও ২৫ হাজার টাকা লুট করেছে। এ মামলাটি আগেরটার সঙ্গে যুক্ত হয়ে যাবে।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।
তিনি জানান, অভ্যন্তরীণ ১৩টি ও দুরপাল্লার ২০টি রুটে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্তবাস চলাচল বন্ধ থাকবে।
অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতা মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৯ ঘ.
bdnews24