বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাস টার্মিনালে ভাংচুরের ঘটনায় জড়িত যুবলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালের সব রুটে বাস ধর্মঘট ডেকেছে মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৩৩টি রুটে অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ থাকবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশে এ ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন।
এর আগে পরিবহন মালিক ও শ্রমিকরা নগরীতে বিক্ষোভ মিছিল করে।
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামকে ঢাকায় মারধরের ঘটনার প্রতিবাদে সোমবার রাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভাংচুর, রাস্তায় টায়ারে জ্বালিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভ করে যুবলীগ কর্মীরা।
পরদিন এ ব্যাপারে মহানগর পুলিশের কাছে অভিযোগ করেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
জাকির আলম ডলার, শহিদুল্লাহ রিজভী, দিদার, আশিক ইকবাল শাওন, হাবিব, শরীফ ও বাহারসহ কয়েকজন যুবলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।
অন্যথায় বৃহস্পতিবার থেকে বাস ধর্মঘট ডাকার হুমকি দেন।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।
তিনি জানান, অভ্যন্তরীণ ১৩টি ও দুরপাল্লার ২০টি রুটে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্তবাস চলাচল বন্ধ থাকবে।
অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতা মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24