নোয়াখালী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমিটি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে সংগঠনের নবগঠিত জেলা কমিটির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
বুধবার দুপুরে জেলা শহর মাইজদীতে বিরোধীদল বিএনপি সমর্থক ছাত্র সংগঠনটির বিবদমান দু'গ্র"পের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষের সময় অন্তত চারটি গাড়ি ভাংচুর করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
আহতদের মধ্যে নবগঠিত জেলা কমিটির সভাপতি নুরুল আমিন খানকে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়া নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি রাসেল, সহ-সভাপতি আবদুল হান্নান টিটু, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতা মোহাম্মদ উল্লাহ রিপন ও সবুজকে মাইজদীর ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবু নামের আরেকজনকে।
অন্যদের শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে দুপুর পৌনে ১২টার দিকে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে দক্ষিণ দিকে যাওয়ার সময় টাউন হলের মোড়ে প্রতিপক্ষ গ্র"প ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে সুধারাম থানা (সদর) পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশ ছাত্রদলের মেজর মান্নান কলেজ শাখার আহ্বায়ক আবদুল মান্নান, অহিদুল ইসলাম, তপু ও ফাহিমকে আটক করে।
ছাত্রদলের আহত নেতাকর্মীরা হামলার জন্য জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিনের সমর্থকদের দায়ী করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল মতিন সাংবাদিকদের বলেছেন, হামলার সঙ্গে তিনি বা তার সমর্থকরা জড়িত নয়।
তার দাবি, মিছিলে অংশগ্রহণ করে তার একজন সমর্থকও আহত হয়েছেন।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা মিঠু বলেন, গত ২৬ মে নোয়াখালী পৌর মিলনায়তনে সম্মেলনের পরদিন কেন্দ্র থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, জেলা কমিটিতে যারা পদ পায়নি তারা এই হামলায় জড়িত থাকতে পারে।
তবে কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের বিষয়টি নাকচ করে দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহমেদ।
নোয়াখালী জেলা বিএনপি'র সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ ছাত্রদলের মিছিলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, ছাত্রদলের নিজেদের মধ্যে বিরোধের জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24