সিরাজগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া-নাটোর মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলায় বুধবার ভোররাতে গরুবাহী একটি ট্রাকে ডাকাতি হয়েছে। এ ঘটনায় আহত হয় পাঁচ গরু ব্যবসায়ী।
ঢাকার গাবতলী হাটে গরু বিক্রি করে ট্রাকটিতে করে রাজশাহী ফিরছিলো ওই ব্যবসায়ীরা। তাদের বেধড়ক প্রহার করে নগদ প্রায় ১০ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।
ডাকাতের প্রহারে আহত ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হামিদ, আশরাফুল, হাছান আলী ও মো. ছাইজাবুল ইসলাম এবং পাবনা জেলার চাটমহর উপজেলার আনোয়ার। তারা সবাই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহতরা জানান, ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল গোল চত্ত্বর থেকে ৭/৮ জনের একটি দল যাত্রীবেশে ট্রাকে উঠে ডাকাতি করে। ডাকাতি শেষে তাড়াশ উপজেলার খালকুলায় পৌঁছালে রক্তাক্ত অবস্থায় তাদের ফেলে ট্রাক যোগে পালিয়ে যায় ডাকাতরা।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেয়।
আহতরা অভিযোগ করে বলেন, মহাসড়কে ওই সময় কোন টহল পুলিশ ছিল না। তাদের চিৎকারেও কেউ এগিয়ে আসেনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি দীনবন্ধু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির বিষয়টি শুনেছি, কিন্তু এ ব্যাপারে কেউ অভিযোগ জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২১৩ ঘ.
bdnews24