ঢাকা, আগষ্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জেএমবির সাংগঠনিক প্রধান আনোয়ার আলম ওরফে আনোয়ার হোসেন খোকা ওরফে ভাগ্নে শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
ভাগ্নে শহীদকে কড়া প্রহরায় আদালতে হাজির করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক (সিআইডি) মো. মোস্তাফিজুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এ সময় ভাগ্নে শহীদের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি। এমনকি তার পক্ষে কোনো ধরনের আবেদনও ছিল না।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনা আরো পরিষ্কার হওয়ার জন্য তাকে জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখোমুখি করা দরকার। তাই তাকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
আবেদনে আরো বলা হয়, ২০০৩ সালের ২০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস পাক সার জমিন সাদ বাদ প্রকাশিত হয়। এরপর থেকেই সাঈদী তার বিভিন্ন ওয়াজ মাহফিলে, জাতীয় সংসদে এবং অন্যান্য জায়গায় হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখেন। এবং তাকে কটাক্ষ করে ব্লাসফেমি আইন করার মতামত দেন।
এসব বক্তব্য দেওয়ার কিছুদিন পর ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে বাংলা একাডেমীর বইমেলা থেকে একাডেমীর বিপরীত দিকের ফুটপাথ ধরে বাসায় ফেরার পথে হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এ ঘটনার সাথে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানসহ ওই সংগঠনের শূরা সদস্যরা জড়িত ছিলেন বলে জানতে পারেন।
অধ্যাপক হুমায়ুন আজাদ ২০০৪ সালের ১১ আগষ্ট জার্মানির মিউনিখ শহরে মারা যান।
হুমায়ুন আজাদের ভাই এ মামলার বাদি মঞ্জুর কবির মামলায় প্রকৃত আসামিদের অন্তর্ভূক্ত করা হয়নি দাবি করে গত বছরের ২০ অক্টোবর এ আদালতে এ মামলায় অধিকতর তদন্তের আবেদন করেছিলেন।
জোট সরকার আমলে ২০০৭ সালের ১৪ নভেম্বর জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, মিজানুর রহমান মিনহাজ, আনোয়ার আলম ওরফে আনোয়ার হোসেন খোকাকে আসামি করে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক দ্রব্যের মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে হত্যা চেষ্টা মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারের জন্য নিয়ে আসা হয়।
এর আগে অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জেএমবি সদস্য হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের সিআইডি হেফাজতের অনুমতি দেয় আদালত।
এ মামলায় জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা সালাহউদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের হেফাজতে নেওয়া হয়। আর অপর জেএমবি সদস্য মিনহাজুর রহমান শাওনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৫০৩ ঘ.
bdnews24