চট্টগ্রাম, আগষ্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরখাস্ত করা প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তাকে পুনর্বহাল না করার দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবন ঘেরাও করেছে পরিচ্ছন্নতাকর্মীরা।
সোমবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা কমপক্ষে আড়াইশ পুরুষ ও নারীকর্মী নগর ভবনের বাইরে অবস্থা নিয়ে বিক্ষোভ করে।
এ সময় তারা প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সাইফুদ্দিন মোহাম্মদ কাতেবীর বিরুদ্ধে স্লোগান দেয়।
বিক্ষোভের কারণে সিটি মেয়র এম মনজুর আলম কার্যালয়ে আটকে পড়েন।
পরে নগর সংস্থার জনসংযোগ ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা এবং পুলিশ এসে তাদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা জানান, বরখাস্ত করা কর্মকর্তা সাইফুদ্দিন কাতেবীকে পুনর্বহাল করা হচেছ- এ খবর পেয়ে তারা নগরভবন ঘেরাও করেছেন।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের বিশেষ দলের কর্মী এস কে ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে থাকাকালে কাতেবী সাহেব একজন শ্রমিক নিয়োগের জন্য ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিতেন।
অপর পরিচ্ছন্নতা কর্মী নুরন্নবী বলেন, নানা অজুহাতে অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মীদের বরখাস্ত করেও দুই থেকে তিন হাজার টাকা নিয়ে পুনর্বহাল করতেন কাতেবী।
এসব কারণে তাকে যেন আর পুনর্বহাল করা না হয় সে দাবিতে তারা বিক্ষোভ করছেন বলে জানান।
দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সাইফুদ্দিন মোহাম্মদ কাতেবীকে গত বছর বরখাস্ত করেন।
তবে সদ্য নির্বাচিত সিটি করপোরেশন মেয়র এম মনজুর আলম দায়িত্ব নেওয়ার পর সাইফুদ্দিন নগর ভবনে যাওয়া-আসা শুরু করেন।
নগর সংস্থার সচিব মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরখাস্ত হওয়ার পরপর সাইফুদ্দিন হাইকোর্ট থেকে স্থগিতাদেশ আনলেও তাকে পুনর্বহালের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি।
এ ব্যাপারে মেয়র মনজুর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।
এছাড়া সাইফুদ্দিন কাতেবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নগর সংস্থার পরিচ্ছন্নতা বিভাগে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করেন। এর মধ্যে পাঁচশ জন নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24