কিশোরগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলায় বিরোধের জেরে সোমবার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
এতে সড়কে কয়েকশ' যানবাহন আটকা পড়ে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সকাল ১১টায় শুরু হওয়া অবরোধ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনঘণ্টা পর তুলে নেওয়া হয়।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার নেত্রকোনা জেলার আঠারবাড়ী কলেজ মাঠে এক ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় কিশোরগঞ্জের নীলগঞ্জ একাদশ ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলা একাদশ।
খেলার এক পর্যায়ে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে নীলগঞ্জ একাদশের খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে এলে প্রতিপক্ষের খেলোয়াড় ও সমর্থকরা তাদের ব্যাপক মারধর করে।
নীলগঞ্জ একাদশের টিম ম্যানেজার এবিএম আমির উল্লাহ তালাল অভিযোগ করেন, হামলায় নীলগঞ্জ একাদশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকসহ শতাধিক লোক আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজ উদ্দিনের নেতৃত্বে নীলগঞ্জ ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সাদুল্লারচর এলাকায় অবরোধ করে।
পরে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম রহমত উল্লাহ, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির বিচারের আশ্বাস দিলে বেলা ২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে মাইজখাপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু সুরাহা না হলে আবার কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.
bdnews24