ফেনী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর পরশুরাম ও সোনাগাজী উপজেলায় ছেলে ধরা সন্দেহে গত তিনদিনে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে।
গুজবে কান না দিতে প্রশাসনের পক্ষ থেকে পরশুরাম ও সোনাগাজীতে মাইকিং করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরশুরাম উপজেলার সুবারবাজার এলাকায় সোমবার দুপুরে এক অজ্ঞাতনামা দিনমজুরকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, এই দিনমজুরের বাড়ি বরিশাল জেলায়। দুপুরে টেম্পোতে করে আরো কয়েকজন যাত্রীসহ সুবার বাজার থেকে পরশুরাম যাচ্ছিলেন এই ব্যক্তি। এক নারী যাত্রীর সঙ্গে থাকা দুটি শিশুর একটিকে কোলে নিতে চাইলে ওই নারী চিৎকার দিয়ে ওঠে।
এ সময় আশপাশের লোকজন এসে তাকে ছেলে ধরা সন্দেহে আটক করে এবং পিটিয়ে হত্যা করে।
এর আগে শনিবার ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন।
সোনাগাজি থানার ওসি নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, এই ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
তিনি জানান, সোমবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এলাকাবাসীকে গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।
একইভাবে পরশুরামেও মাইকিং করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নির্মল কান্তি চাকমা।
তিনি জানান, কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24