২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন চায় ইসিও

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের আগ্রহে ইতিবাচক মত দিয়ে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, এর জন্য দরকার শুধু আইন সংশোধন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

শামীম আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের আগ্রহে ইতিবাচক মত দিয়ে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, এর জন্য দরকার শুধু আইন সংশোধন। 'স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সরাসরি অংশ না নেওয়া যথার্থ নয়', রোববার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ওইদিনই সাংবাদিকদের বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। তবে এ জন্য আইনে পরিবর্তন আনতে হবে। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, দলীয়ভাবেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এতে কোন সমস্যা হলে রাজনৈতিক দলগুলোকে দায়ী করার সুযোগ থাকে। কাজেও অনেক সুবিধা হবে। তিনি আরো বলেন, বর্তমানে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন কেবল আইনের পাতাতেই আছে। প্রকারান্তরে দলীয় নির্বাচনই তো হচ্ছে। সৈয়দ আশরাফ রোববার বলেন, "রাজনীতির হাতেখড়ি যদি স্থানীয় সরকারেই না হয়, তারা কীভাবে বিভিন্ন পর্যায়ে সরকার পরিচালনা করবেন। আশা করি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল অংশ নেবে। সেখানে দলীয় ইশতেহার থাকবে। জনগণ যে দলের ইশতেহার উপযুক্ত মনে করবে সে দলের পক্ষেই ভোট দেবে।" সাখাওয়াত হোসেন বলেন, "স্থানীয় সরকার আইন পরিবর্তন করা গেলে আগামী নির্বাচনগুলোতেই এ ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে কেবল নিবন্ধিত দলগুলোই অংশ নেওয়ার সুযোগ পাবে।" দলীয় প্রতীক ব্যবহারেরও সুযোগ রাখা হতে পারে মন্তব্য করে এই নির্বাচন কমিশনার বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত হলে দলীয় পরিচয়ের বাইরের প্রার্থীরা স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।" প্রতিবেশী ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে স্থানীয় সরকার নির্বাচন দলীয় পরিচয়েই হয়। ভারতে পঞ্চায়েত থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত দলীয় পরিচয়েই নির্বাচন হয়। যুক্তরাজ্যেও এ ব্যবস্থা চালু আছে। এসব যুক্তি তুলে ধরে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন স্থানীয় সরকার গবেষক ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, "দলীয় পরিচয়ে নির্বাচন করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে হবে। জাতীয় রাজনীতির সংসদীয় পদ্ধতিকে স্থানীয় পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।" তিনি বলেন, "কলকাতায় আগে কাউন্সিলর নির্বাচনের পর সেখান থেকে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়। মেয়র নির্বাহী পরিষদ গঠন করেন। সেখানে একজন নির্বাহী ডেপুটি মেয়র ও আরেকজন সংসদের স্পিকারের আদলে ডেপুটি মেয়র থাকেন।" স্থানীয় সব পর্যায়েই এ ধরনের ব্যবস্থা চালু আছে জানিয়ে তিনি বলেন, "এতে বিরোধী দলের মতো থাকে বিরোধী পক্ষ। ফলে সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়।" "আমাদের দেশেও এ ব্যবস্থা চালু করা সম্ভব।", মন্তব্য তার। তবে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে এ প্রতিষ্ঠানগুলোর সে উদ্দেশ্য তা নষ্ট হয়ে যাবে বলে মনে করেন নাগরিক অধিকার আন্দোলনের নেতা বদিউল আলম মজুমদার। তিনি বলেন, "দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূল পর্যায়েও দলবাজী প্রকট হবে। যা জাতিকে আরো বিভক্ত করে ফেলবে।" বদিউল বলেন, "এতে করে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতিতে আগ্রহী নয়, কিন্তু জনসমর্থন আছে-তারা নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। দলীয় প্রতীকে যোগ্য নয় এমন প্রার্থীও নির্বাচিত হয়ে যাবেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দলীয় অফিসে পরিণত হবে।" তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অধ্যাদেশ আকারে জারি করা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা এবং সিটি কর্পোরেশন আইন জাতীয় সংসদে পাশ হয় ২০০৯ সালে। এক্ষেত্রে উপজেলা আইন-১৯৯৮ কে পুনপ্রবর্তণ করে সরকার। অন্যদিকে ২০০০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে জেলা পরিষদ আইন করা হলেও, তা কার্যকর হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/জিএনএ/১৯১৬ঘ.