ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর বন্দি নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালে দায়ের করা ১ নম্বর মামলায় সোমবার এ আবেদন করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালের রেজিস্ট্রার মো. শাহিনুল ইসলাম এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।
ট্রাইব্যুনাল এই আবেদনের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ৪ আগস্ট।
আবেদনে বলা হয়, সাইদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের জন্য তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া প্রয়োজন।
গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ নম্বর মামলাটি দায়ের করা হয়।
এই মামলায় গত ২৬ জুলাই কারাবন্দি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
সোমবার জামায়াতের ওই চার নেতাকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হলে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মামলায় তাদেরকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় নিজামী, মুজাহিদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ২৯ জুলাই গ্রেপ্তার করা হয়।
একাত্তরে গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা মামলায় গত ১৩ জুলাই গ্রেপ্তার করা হয় কামারুজ্জামান ও কাদের মোল্লাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৮৪৯ ঘ.
bdnews24