ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে বাজারে ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেলের মজুদ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এ কে আজাদ বলেন, "দেশে বর্তমানে প্রতি মাসে এক লাখ টন ভোজ্য তেলের প্রয়োজন। বর্তমানে ব্যবসায়ীদের কাছে এক লাখ টন তেলের মজুদ রয়েছে।"
তিনি বলেন, রমজানে ৫০ হাজার টন অতিরিক্ত তেলের চাহিদা থাকে। এ চাহিদা অনুযায়ী ওই পরমাণ তেল বর্তমানে বন্দরে খালাসের পর্যায়ে রয়েছে। তাই রমজানে ভোজ্য তেলের মূল্য বাড়ার কোনো সম্ভাবনা নেই।
এফবিসিসিআই সভাপতি জানান, ব্যবসায়ীদের নানা ধরণের সমস্যা রয়েছে। এসব সমস্যা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এসব সমস্যা সমাধানে সরকার ও এফবিসিসিআই'র পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সঙ্গে আবারো সরকার ও এফবিসিসিআই'র বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত করা হবে তেলের দাম বাড়বে না কমবে।
বর্তমানে মিলগেটে প্রতি কেজি সয়াবিন ৭৫ টাকা, সুপার পাম অয়েল ৭০ টাকা এবং পাম অয়েল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতা পর্যায়ে প্রতি কেজি সয়াবিন ৮০ টাকা এবং পাম অয়েল ৭২ থেকে ৭৪ টাকার বিক্রি হচ্ছে। রমজান মাসে চাহিদা বাড়লেও তেলের দাম আর বাড়বে না বলে জানান একে আজাদ।
এফবিসিসিআই সভাপতি বলেন, "ব্যবসায়ীরা এ খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। তাই শুধু রোজার সময় দাম বাড়ানোর কোনো কারণ নেই। দু'এক টাকা মূল্য এদিক-সেদিক হতে পারে।"
বাণিজ্য সচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মর্তুজা রেজা চৌধুরী, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ রউফ চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/কেএমএস/১৮৫৪ ঘ.
bdnews24