২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দাবিতে আমরণ অনশন

কোটা সংরক্ষণ নীতিকে শিথিল করে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছে ২৮তম বিসিএসে উত্তীর্ণ ৪৮০ জন এমবিবিএস এবং পাঁচ জন বিডিএস চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটা সংরক্ষণ নীতিকে শিথিল করে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছে ২৮তম বিসিএসে উত্তীর্ণ ৪৮০ জন এমবিবিএস এবং পাঁচ জন বিডিএস চিকিৎসক। সোমবার সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন শুরু হয়। দাবি আদায়ে সামিয়ানা টানিয়ে কফিনসহ অবস্থান নিয়েছে চিকিৎসকরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী আল মাহমুদ লেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০ ভাগ কোটা রয়েছে। এসব কোটায় পরীক্ষায় উত্তীর্ণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী না থাকার পরও তবে কোটা সংরক্ষণ নীতির কারণে ওই সব আসন খালি রেখে দেওয়া হয়।" তিনি বলেন, "যোগ্যদের নিয়োগ না দিয়ে আসন খালি রেখে দেওয়া মানবিক হতে পারে না।" ২৮ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ প্রার্থী না থাকায় ৩৪০টি আসন অতিরিক্ত হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান না থাকায় এ সব আসনে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। কর্মসূচিতে অংশ নেওয়া অপর এক চিকিৎসক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ৬৮৮০টি চিকিৎসক পদ খালি ছিলো। এসব খালি পদ পূরণে এডহক ভিত্তিতে ৩৫৫১ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এতেও চাহিদা পূরণ না হওয়ায় 'মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ' নীতি বাতিল করে আরো ৫৮২ জনকে নিয়োগদানের প্রক্রিয়া শুরু হয়েছে।" "এডহকে কোটা সংরক্ষণ নীতি বাতিল করা সম্ভব হলে বিসিএসে কেন সম্ভব নয়?" প্রশ্ন রাখেন রেজাউল। অপর চিকিৎসক মো. শহীদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা মূলত কোটা সংরক্ষণ নয়। কোটার বিপরীতে আবেদনকারী না থাকার পরও ওই সব পদে যোগ্যদের নিয়োগ না দিয়ে খালি রেখে দেওয়া কোনক্রমেই যৌক্তিক হতে পারে না। তিনি বলেন, "আমাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত আমরা এ শহীদ মিনার ছাড়বো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪১ ঘ.