২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আরো দুটি মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে। রোববার মুন্সীগঞ্জ ও নড়াইলে বিচার বিভাগীয় হাকিম আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা দুটি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সমর্থক ছাত্রলীগের নেতারা। একইদিন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। এই মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার যশোরে একই অভিযোগে বিএনপির তিন নেতার বিরুদ্ধে একটি মামলা করেন প্রজন্ম '৭১ এর এক নেতা। ওই মামলা রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য মওদুদ আহমদকে আসামি করা হয়। গত ২৬ জুলাই মানিকগঞ্জে একই অভিযোগে মামলা হয় রফিকুল ইসলাম ও শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে। এসব মামলায় অভিযোগ করা হয়, শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, "আপনার বাবার যে পরিণতি হয়েছে আপনারও তাই হবে"। রফিকুল ইসলাম মিয়া বলেছেন, "আপনার বাবা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় আল্লাহর নির্দেশে উপরে চলে গেছেন। আপনিও আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন"। ওই সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মুন্সীগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ্ মোয়াজ্জেম হোসেনকে আসামি করে অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন। হাকিম মো. রবিউল আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন। শাহ মোয়াজ্জেমের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দোগাছি গ্রামে। নড়াইল: শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নড়াইলের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন। হাকিম মুসরাত জেরীন মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আগামী ১১ অক্টোবর প্রতিবেদন দিতে বলেছেন সদর থানার ওসিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.