২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিবের মরদেহ ঢাকায়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সচিবের মরদেহ তাদের ঢাকার বাসায় নিয়ে আসা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 05:16 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সচিবের মরদেহ তাদের ঢাকার বাসায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনার পরে দুপুর সোয়া ২টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগমের মরদেহ ঢাকার গণভবন সরকারি কোয়ার্টারের বাসায় নিয়ে আসা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় খিলগাঁও সি-ব্লকের বাসায়। বিকালে সচিবালয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে রাজিয়াকে দাফন করার কথা। রাজিয়ার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সিদ্দিকুর রহমানকে দাফন করার কথা তার গ্রামের বাড়িতে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কামতা গ্রামে। গত ২৬ মার্চ সিদ্দিকুর রহমানের দুই মেয়েও সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রধানমন্ত্রীর সফর সফর উপলক্ষে গোপালগঞ্জ যাওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন দুই সচিব। তাদের পাজেরো গাড়ির চালক গুরুতর আহত ফজলুল হক (৪০) ও দেহরক্ষী ফজলুলকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাসুদ করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার উথুলী-পাটুরিয়া মোড়ে ঢাকা থেকে গোপালগঞ্জগামী পাজেরোটির সঙ্গে ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সুপার বলেন, "এতে পাজেরোযাত্রী রাজিয়া বেগম এবং সিদ্দিকুর রহমানসহ গাড়ির চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখান থেকে দ্রত তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।" তিনি জানান, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ সফর উপলক্ষে সড়কপথে সেখানে যাচ্ছিলেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশী সাহাবুদ্দীন আহম্মেদ ও পুলিশ সুপার মো. মাসুদ করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তারা হাসপাতালে দুই সচিবের লাশ দেখতে যান। শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত পাজেরো জিপ ও বাসটি র‌্যাকার দিয়ে সরিয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুই সচিবের মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কেএসএম আলী এবং মহাসচিব ড. খোন্দকার শওকত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/কিউএইচ/কেএমএস/১৬৫৫ ঘ.