২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে ভাংচুর, সড়ক অবরোধ

গাজীপুরে শুক্রবার রাতে বাসের ধাক্কায় আহত এক মহিলা পোশাক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা প্রায় আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 07:05 PM

Updated : 25 Aug 2022, 05:11 PM

গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শুক্রবার রাতে বাসের ধাক্কায় আহত এক মহিলা পোশাক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা প্রায় আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। স্থানীয় 'লিজ অ্যাপারেলস' নামের পোশাক কারখানার শ্রমিক বেনু আক্তার ওরফে ফাতেমা (৩০) কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। এ ঘটনায় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, ফাতেমা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ১০টার দিকে তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করে। এদিকে হাসপাতালে ফাতেমার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা এসে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ৮-১০টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত পৌনে ১১টার দিকে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। আহত শ্রমিক ফাতেমা টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কোমড়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন-উর- রশীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৫০ ঘ.