ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি হেরোইনসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
আটক গাসিও জাকারিয়া নাইজেরিয়ার নাগরিক বলে বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে। আটক হেরোইনের আনুমানিক মূল্য ছয় কোটি টাকার বেশি হবে বলে পুলিশ ধারণা করছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাইজেরিয়ার নাগরিক গাসিও জাকারিয়া সন্ধ্যা সাতটায় বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে প্রবেশ করেন। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এমএইচ-১৯৬) তার কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। ওই সময় তার সঙ্গে আরো একজন ছিল।
বিমান বন্দরের বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের পর স্ক্যানিং মেশিনে চেক করার সময় গাসিও জাকারিয়ার ব্যাগে ধাতব পদার্থের অস্তিত্ব ধরা পড়ে। নিরাপত্তাকর্র্মীরা তাদের চ্যালেঞ্জ করলে গাসিওর সঙ্গী দৌড়ে পালিয়ে যায়। সেও পালানোর চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে ফেলে।
রেজাউল করিম বলেন, গ্যাসিও জাকারিয়ার সঙ্গে থাকা ছয়টি ব্যাগ তল্লাশি করে সেগুলোতে মোট ১০টি দেড়ফুট লম্বা টিনের পাইপের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি ৯'শ গ্রাম হেরোইন পাওয়া যায়। তবে সে দাবি করেছে, এ বিষয়ে সে কিছুই জানে না।
পুলিশ কর্মকর্তা আরো জানান, গাসিও এ মাসের ১০ তারিখ দুবাই থেকে বাংলাদেশে আসেন। দেশে থাকাকালীন তার অবস্থানের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। খবর পেয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
বিমানবন্দর থেকে থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক বস্তুগুলো পরীক্ষা করে দেখার জন্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
মনোয়ার বলেন, "গাসিওর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩২১ ঘ.
bdnews24