কক্সবাজার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরের লাবণী মোড়ে গাছ কাটার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের দক্ষিণ বাহারছাড়া এলাকা থেকে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) আলমগীর কবির এই ব্যক্তিকে আটক করে পুলিশে দেন।
একটি মোবাইল ফোন অপারেটরের বিলবোর্ড লাগানোর জন্য ২০-২৫টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো জব্দ করা হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানান।
গ্রেপ্তার করা ব্যক্তি হলেন- ওসমান গণি বাবুল ওরফে কাটা বাবুল। তার বাড়ি দক্ষিণ বাহারছড়ায়।
বিজ্ঞাপনী সংস্থা নকশীকাঁথা বিলবোর্ডটি স্থাপনের কাজ করছে। তারা ওসমানকে দিয়ে গাছগুলো কাটিয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি জানার পর ফোনে নকশী কাঁথার বিপণন কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারা মোবাইল ফোন অপারেটর 'রবি'র বিলবোর্ড স্থাপন করছেন। এর আশপাশে সৌন্দর্য্যবর্ধনের কাজ হবে। সেজন্য গাছগুলো কাটা হয়েছে।
এ ঘটনায় রাতেই জেলা সড়ক ও জনপথ বিভাগ থানায় মামলা করে বলে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি জানিয়েছেন।
তবে মামলার আর্জিতে কারো নাম উল্লেখ করা হয়নি।
গাছ কাটার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের কর্মসূচির পরই প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এম ইব্রাহিম খলিল মামুন সাংবাদিকদের জানান, গাছ কেটে বিলবোর্ড স্থাপনের প্রতিবাদে বেলা ১১টায় তারা ২০ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
তিনি জানান, মানববন্ধনের পরপরই ঘটনাস্থলে আসেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, এনডিসি আলমগীর কবির, কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ও পর্যটন পুলিশের ওসি মনির উদ্দিন।
তারা গাছ কাটায় জড়িত ওসমানকে ডেকে আনেন। গাছ কাটতে জেলা প্রশাসন ও পর্যটন পুলিশের অনুমতি রয়েছে বলে মিথ্যা তথ্য দেন তিনি। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এনডিসি আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওখানে ২০-২৫টি গাছ কেটে ফেলা হয়েছে।"
বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24