ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালমাটিয়া ও বংশালে শুক্রবার রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমীন জানান, রাত পৌনে ৮টার দিকে লালমাটিয়ার ব্লক-ডি এর একটি ছয় তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর থেকে দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রায় একই সময় বংশাল বড় বাজারের কাছে একটি ভবনে আগুন লাগে। তবে দমকল বাহিনীর একটি ইউনিট কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান ডিউটি অফিসার ।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২০৪৬ ঘ.
bdnews24