২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

রাজধানীর মহাখালী এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের পর ঢাকার সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

সাভার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মহাখালী এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের পর ঢাকার সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকার ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদ এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে শুক্রবার মহাখালীতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাংচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশ ও আমর্ড পুলিশকে সতর্ক রাখা হয়েছে। টহল বাড়ানো হয়েছে র‌্যাবের। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও বেশকিছু পোশাক কারখানা খোলা রয়েছে। এসব কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো সময় পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান। গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক মিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, শ্রমিকরা সরকার ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদ জানিয়েছে। নূন্যতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে তারা আন্দোলনে চালিয়ে যাবেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫০ ঘ.