২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৯ বছর পর জাতি কলঙ্কমুক্ত হতে চলেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৩৯ বছর পর জাতি কলঙ্কমুক্ত হতে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

পাবনা, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম): পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৩৯ বছর পর জাতি কলঙ্কমুক্ত হতে চলেছে। শুক্রবার পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা এবং যুদ্ধাপরাধী গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারের আরেকটি ধাপ অতিক্রম করতে যাচ্ছে। চলতি বছরের মধ্যেই এই বিচার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই বিচার সম্পন্ন হলে জাতি কলঙ্কমুক্ত হবে এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।" পরিকল্পনামন্ত্রী আরও বলেন, "বাংলাদেশসহ সারা বিশ্বে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না। এ জন্য প্রচুর গাছ লাগাতে হবে। যে সব বন জঙ্গল হারিয়ে গেছে তা উদ্ধার করতে না পারলে আগামী প্রজন্ম প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে পারবে না।" সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ও ভায়না ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, তোফাজ্জল হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, কৃষকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষিতথ্য কর্মকর্তা লিয়াকত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক। এর আগে মন্ত্রী আড়াই কিলোমিটার খয়রান রাস্তা তৈরির কাজ সরেজমিন পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী এবং দু:স্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে ভাতার টাকা বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩৬ ঘ.