২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লোডশেডিংয়ের কবলে পররাষ্ট্রমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে প্রথমবারের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে লোডশেডিংয়ের কবলে পড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

চাঁদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে প্রথমবারের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে লোডশেডিংয়ের কবলে পড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সভা চলাকালে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ করা হলে তিনি অপারগতার কথা জানান। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত চলা সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর মেয়র, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা চলাকালে রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এবং রাত ১০টা ৪০ মিনিট থেকে পৌনে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। এসময় অব্যাহত লোডশেডিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এলাকাবাসীর বিড়ম্বনার কথা তুলে ধরেন জনপ্রতিনিধিরা। বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহে অসম বণ্টনের অভিযোগও করেন তারা। তখন চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মিজানুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ঢাকা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে চাঁদপুরে ৪২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ১৭ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। যা পাওয়া যাচ্ছে তার মধ্যে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩৪ ভাগ এবং পল্লী বিদ্যুৎ সমিতি ৬৬ ভাগ ব্যবহার করছে। চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে বিদ্যুৎ পাচ্ছে তা শুধু পৌর এলাকায় সরবরাহ করা হচ্ছে। এ সময় চাঁদপুরে বিদ্যুৎ সমস্যা লাঘবের আশ্বাস দিয়ে দীপু মনি জানান, নিয়মানুযায়ী চাঁদপুরে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে। তা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। এতে কিছুটা হলেও চাঁদপুরে বিদ্যুৎ সমস্যা লাঘব হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বিদ্যুৎ সঙ্কট একটি জাতীয় সমস্যা। বিগত সাত বছরে বিদ্যুতের ব্যাপারে কোনো কাজ না হওয়ায় এখন তা বিশাল সমস্যা হয়ে দেখা দিয়েছে।" তিনি জানান, সরকার বিদ্যুৎ সমস্যা লাঘবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হতে এক থেকে দেড় বছর লাগবে। চাঁদপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে বৈষম্য বা অসামঞ্জস্য থাকলে তা দূর করা হবে বলেও আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, সিভিল সার্জন মো. শাহনেওয়াজ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. খাজা মাসুম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী ও সাবেক সভাপতি ইকরাম চৌধুরী। সভায় জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ দমন বিষয়েও আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশের যে কোনো জেলার চেয়ে এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। কোনো দেশে বা স্থানে সমস্যা তৈরির হওয়ার পেছনে রাজনৈতিক সংকীর্ণতা জড়িত। চাঁদপুরে রাজনৈতিক পরিবেশ ভালো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৪২ ঘ.