ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরের টিপু সুলতান রোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে দুই লক্ষাধিক টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা।
এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ভাঙ্গারী দোকান মালিক আব্দুল কাদের (৩৮) আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী পংকজ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭/৮ জন সন্ত্রাসী দোকানে ঢুকে আব্দুল কাদের ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্স লুট করে। আব্দুল কাদের সন্ত্রাসীদের বাধা দিলে তার দু-পায়ে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে তারা কয়েকটি বোমা ফাটিয়ে চলে যায়।
রাত ৭টার দিকে আব্দুল কাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, ছুরিকাঘাতে আব্দুল কাদের গুরুতর আহত হয়েছেন।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এ কে আজাদ জানান, এ ব্যাপারে খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৫০ঘ.
bdnews24