২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব, ডিজিএফআই প্রধানকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক শিল্প সচিব ও ডিজিএফআই-এর তৎকালীন মহাপরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক শিল্প সচিব ও ডিজিএফআই-এর তৎকালীন মহাপরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিগগিরই এ মামলায় ওই সময় শিল্প সচিবের দায়িত্বে থাকা ড. শোয়েব আহমেদ ও প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদেক হাসান রুমিকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হবে। মামলার অধিকতর তদন্তকালে গ্রেপ্তার হওয়া চোরচালানি হাফিজ ও দীন মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এনএসআই ও ডিজিএফআই এর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। ইতোমধ্যে তৎকালীন ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ এবং ডিজিএফআই'র কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক (পরবর্তীতে এনএসআই'র মহাপরিচালক) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাটে খালাসকালে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। বর্তমান আইও দায়িত্ব নিয়ে অধিকতর তদন্ত শুরুর পর থেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন, উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, ফিল্ড অফিসার আকবর হোসেন, সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন) একেএম এনামুল হককে গ্রেপ্তার করেন এবং বেশ কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া বর্তমান আইও তার তদন্তের মেয়াদকালে তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, নৌবাহিনী, কোস্টগার্ড, কাস্টমসের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১১ ঘ.