চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মত ক্লাস বর্জনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সাংবাদিক সম্মেলনে শনিবারের মধ্যে তিন দফা দাবি মানা না হলে রোববার থেকে ক্যাম্পাস অচল করে দেওয়ারও হুমকিও দিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ' এর ব্যানারে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক তবারক হোসাইন লিখিত বক্তব্যে পরবর্তী কর্মসূচির কথা তুলে ধরেন।
বর্ধিত বেতন ফি প্রত্যাহার, বহিস্কৃত শিক্ষার্থীর বহিস্কারাদেশ বাতিল ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ-এই তিন দফা দাবি পূরণের জন্য মঙ্গলবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সেদিন শিক্ষক লাঞ্ছনার অভিযোগে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে দুবছরের জন্য বহিস্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের ১৩ মার্চ থেকে রাজনৈতিক ও সকল ধরনের আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চলছে।
বৃহস্পতিবার রাজনীতিসহ সকল আন্দোলন কর্মসূচির ওপর চলমান নিষেধাজ্ঞা ভেঙ্গে প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাসবর্জনসহ ক্যম্পাসে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচিতে অংশ নেয়। ফলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্লাস হয়নি।
শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয় ও প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান ধর্মঘট করায় প্রশাসনিক কার্যক্রমও থমকে যায়। এ ছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের অগ্রণী ব্যাংক ভবন ঘেরাও করে রাখায় বিভিন্ন বিভাগের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত ফি প্রদানও বন্ধ থাকে।
সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের ছয়টি অনুষদ প্রদক্ষিণ করে।
এরপর ব্যাংক ভবন ঘেরাও শেষে তারা উপাচার্য ও প্রশাসনিক ভবন ঘেরাও করে সেখানে অবস্থান ধর্মঘট শুরু করে। দুপুর দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্ত্বরে এসে আবার বিক্ষোভ সমাবেশ করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্দোলনকারীরা ক্যাম্পাস অচল করতে পারলে করে দেখুক। আমরা আমাদের ব্যবস্থা নিয়ে রেখেছি।"
উপাচার্য অধ্যাপক ড.আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। সাধারণ শিক্ষার্থীরা এদের সমর্থন দেবে না। ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এসএএ/২২২৬ঘ.
bdnews24