ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে বড় অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে 'বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড'কে (বিআইএফএফ) কম্পানি হিসেবে গঠন করার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
এ কোম্পানি পরিচালনার জন্য সাত সদস্যের পরিচালনা পর্ষদ রাখারও প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
২০০৯ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে প্রধান করে বিদ্যুৎ বিভাগে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে 'বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার ইনভেস্টমেন্ট ফান্ড' গঠনের জন্য একটি কমিটি করা হয়।
সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এ ফান্ডের কাজের পরিধিকে আরো বাড়িয়ে বিআইএফএফ গঠন করার প্রক্রিয়া শুরু হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
আজাদ বলেন, "বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি খাত ও পরিবহন কাঠামোর উন্নয়নের মতো বড় ও দীর্ঘ মেয়াদী বিনিয়োগে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণকে আকৃষ্ট করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।"
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, "খাত ভিত্তিক আলাদা আলাদা ফান্ড না করে দেশের সবচেয়ে বড় অবকাঠামোগলোয় বিনিয়োগের জন্য বেসরকারি তহবিল আকৃষ্ট করতে বিআইএফএফ গঠন করার উদ্যেগ নেওয়া হয়। এর ফলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসবে।"
এতে করে প্রকল্পগুলোয় অর্থায়নে অনিশ্চয়তা কমবে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, "পিপিপি সফল হওয়ার ক্ষেত্রে বিআইএফএফ একটি অনুঘটক হিসেবে ভূমিকা পালন করবে।"
তিনি জানান, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড (বিআইএফএফ) লিমিটেড কোম্পানির মালিকানা শতভাগ সরকারের। এর মধ্যে ৭০ ভাগ অর্থমন্ত্রণালয় এবং বাকি মালিকানা থাকবে অন্যান্য মন্ত্রণালয়ের। এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা। আর পরিশোধিত মুলধন এক হাজার ছয়'শ কোটি টাকা।
২০০৬ সালে ভারতে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইএফসিএল) নামে একই ধরনের একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালের মার্চ পর্যন্ত এ কোম্পানি ১০৭টি অবকাঠামো প্রকল্পে মোট ১৮৮ বিলিয়ন ভারতীয় রুপি বিনিয়োগ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন-২০১০ খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে।
সরকার জলবায়ু পরির্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় গত অর্থ বছরের বাজেটে ৭০০ কোটি টাকা এবং চলতি অর্থবছরে আরো ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ ট্রাস্ট ফান্ডকে পরিচালনার জন্য গত বছর একটি নীতিমালাও অনুমোদন করা হয়।
আজাদ জানান, বৃহস্পতিবার বৈঠকে প্রশাসনিক ট্রাইব্রুনাল (সংশোধন) আইন-২০১০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/১৯১৯ঘ.
bdnews24