২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নির্মাণাধীন বিনোদনকেন্দ্র ভাঙার নির্দেশ

বুড়িগঙ্গা নদীর বুকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদন কেন্দ্র ৩০ দিনের মধ্যে ভেঙে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 05:09 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বুড়িগঙ্গা নদীর বুকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদন কেন্দ্র ৩০ দিনের মধ্যে ভেঙে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। রিট আবেদনটির উপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তিনি শুনানিতে বলেন, "জলাধার আইন ও বুড়িগঙ্গা সহ চারটি নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী এ ধরনের বিনোদন কেন্দ্র নির্মাণ অবৈধ। পরিবেশ রক্ষার জন্য এ অবৈধ বিনোদন কেন্দ্র অপসারণ করা প্রয়োজন।" সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। আদালত বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও পরিচালককে ৩০ দিনের মধ্যে এ বিনোদন কেন্দ্র অপসারণ করতে নির্দেশ দেয়। গত ১৬ মে বুড়িগঙ্গা নদীর বুকে বিনোদন কেন্দ্র তৈরি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ দর্শাতে রুল জারি করে হাইকোট। পাশাপাশি নির্মাণাধীন বিনোদন কেন্দ্রের সব কার্যক্রমের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। রিট আবেদনে বলা হয়, "২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারটি নদী- বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু রক্ষায় বেশ কয়েকটি নির্দেশনা দেয়। তা স্বত্ত্বেও বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে বিনোদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে গত ৭ মে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএএ/১৭৫৫ঘ.