২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মা-মেয়ে খুন, আটক ১

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 05:09 PM

নাটোর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ডুমরাই ঢাকোপাড়া গ্রামে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ডুমরাই ঢাকোপাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী মতিজান বেগম (৪৫) ও তার মেয়ে শেলী আক্তার (১৬)। বাগাতিপাড়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। উভয়ের গলায় জখম রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মতিজানের স্বামী তরিকুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বাগাতিপড়া থানার ওসি মীর্জা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, পরিবারটি ডুমরাই ঢাকোপাড়া গ্রামে মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বাড়ি করে বসবাস করে আসছিলো। তারা ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতো না। মতিজান বেগম সুদে টাকা খাটাতেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুদের টাকা আদায় নিয়ে দ্বন্দ্ব হওয়ায় কেউ তাদের হত্যা করেছে। ওসি জানান, পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসেন আলী নামের স্থানীয় এক সাইকেল মেকারকে আটক করেছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.