২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে পাঁচ বছরের জেল

কারো বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 05:10 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারো বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪-এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে কিছু বিষয়ে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।" সংশোধনী অনুযায়ী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) চাইলে সরকার বা সরকারের অধীন যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে জনবল চাইতে পারবে বলেও জানান আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার দুদককে স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্র"তিবদ্ধ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এজে/১৬২৪ ঘ.