২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাত নৌ-ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি নৌ-ডাকাতির মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

হবিগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি নৌ-ডাকাতির মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মিটামইনের বড়াকান্দা গ্রামের রইছ মিয়া (৪৮), জামাল মিয়া (২২), মকছুদ আলী (৫৫), ফজলু মিয়া (৩৫), মজনু মিয়া (৩৫), ইদ্রিছ মিয়া (৩০) ও জয়নাল মিয়া (৩৮)। আজমিরীগঞ্জ থানার ওসি এনামুল হক জানান, বিয়ের মালামাল বহনকারী একটি নৌকায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি বিয়ের শাড়ি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। মামলার বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৮ জুলাই সন্ধ্যায় আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বিয়ের সরঞ্জামাদি বহনকারী একটি নৌকায় ৭/৮ জন ডাকাত হামলা করে নগদ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও আটটি মোবাইল ফোন সেট লুট করে। ওই ঘটনায় উপজেলার কামালপুর গ্রামের শাহাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে এই ডাকাতির মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.